Saturday, February 27, 2016

“হযরত কুবরা আলাইহাস সালাম উনার বেমেছাল ইলম এবং বিচক্ষণতা”

আনুষ্ঠানিক পবিত্র নুবুওওয়াত মুবারক প্রকাশের প্রারম্ভিককালে উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহাস সালাম তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে একবার বলেছিলেন যে, ভবিষ্যতে আর কখনও হযরত জিব্রীল আলাইহিস সালাম আপনার নিকট আবির্ভূত হলে আমাকে অবহিত করবেন। এই প্রস্তাবে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মতি প্রকাশ করলেন যে, ঠিক আছে। আবার আসলে আপনাকে বলবো। সুতরাং হযরত জিব্রীল আলাইহিস্ সালাম তিনি পুনরায় আগমন করলে তিনি হযরত কুবরা আলাইহাস সালাম উনাকে ডেকে বললেন, এই যে, দেখুন, তিনিই হচ্ছেন হযরত জিব্রীল আলাইহিস্ সালাম ফেরেশতা।

হযরত কুবরা আলাইহিস সালাম তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি উনাকে দেখতে পাচ্ছেন? তিনি বললেন, হ্যাঁ। হযরত কুবরা আলাইহাস সালাম তিনি বললেন, আপনি আমার ডান দিকে এসে বসুন। হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ডান দিকে বসলেন। হযরত কুবরা আলাইহাস সালাম তিনি জিজ্ঞাসা করলেন, এখনো কি আপনি জিব্রীল আলাইহিস্ সালাম উনাকে দেখতে পাচ্ছেন? হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, হ্যাঁ, দেখতে পাচ্ছি। এইবার হযরত কুবরা আলাইহাস সালাম তিনি বললেন, আপনি আমার কোলে উঠে বসুন। তিনি তাই করলেন। হযরত কুবরা আলাইহাস সালাম তিনি বললেন, হযরত জিব্রীল আলাইহিস্ সালাম তিনি এখনও আপনার দৃষ্টিগোচর হচ্ছে? হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, হ্যাঁ। আমি উনাকে দেখতে পাচ্ছি। হযরত কুবরা আলাইহাস সালাম তিনি এইবার ওড়না মুবারক সরিযে স্বীয় মাথা মুবারক উন্মুক্ত করে দিলেন এবং জিজ্ঞাসা করলেন, এখনো কি হযরত জিব্রীল আলাইহিস্ সালাম তিনি কি আপনার সম্মুখে দৃশ্যমান আছেন? হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এইবার বললেন, না। এখন আর উনাকে দেখা যাচ্ছে না। জবাব শুনে হযরত কুবরা আলাইহাস সালাম তিনি বললেন, নিশ্চয়ই তিনি ফেরেশতা হযরত জিব্রীল আলাইহিস্ সালাম, আপনি নিশ্চিন্ত থাকুন এবং আনুষ্ঠানিক পবিত্র নুবুওওয়াত প্রকাশের সুসংবাদ গ্রহণ করুন। আপনার সম্মুখে দৃশ্যমান ব্যক্তি যদি শয়তান হতো, তবে আমার উন্মুক্ত মাথা মুবারক দেখে সরে পড়তো না, যেহেতু তিনি হযরত ফেরেশতা আলাইহিস সালাম, তাই লজ্জায় চলে গেছেন। এই ঘটনা দ্বারা হযরত কুবরা আলাইহাস সালাম উনার বিচক্ষণতা সম্পর্কে কিছুটা ধারণা লাভ করা যায়।

এক পবিত্র হাদীছ শরীফ উনার বর্ণনায় জানা যায়, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহাস সালাম উনাকে বললেন, হে হযরত কুবরা আলাইহাস সালাম! স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামীন হযরত জিব্রীল আলাইহিস্ সালাম উনার মাধ্যমে আপনাকে সালাম দিয়েছেন।
হযরত কুবরা আলাইহিস সালাম তিনি উক্ত সালামের জাওয়াব দিলেন এভাবে- “ওয়াস্সালাম্ আলাইকা ওয়া আলা জিবরীল আলাইহিস সালাম ওয়া ইন্নাল্লাহা হুওয়াস সালাম।” অর্থাৎ হে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনার প্রতি এবং হযরত জিব্রীল আলাইহিস সালাম উনার প্রতিও আমার সালাম। আর মহান আল্লাহ পাক তিনি তো নিজেই সালাম (শান্তিদাতা)। তিনি অন্য কারো সালামের মুহতাজ বা মুখাপেক্ষী নন।
জ্ঞানের তীক্ষ্মতা কত বেশি থাকলে এ ধরনের জাওয়াব দেয়া সম্ভব হতে পারে; তা সত্যিই ফিকিরযোগ্য। মূলত, এর নামই হচ্ছে ইলমে লাদুন্নী। অর্থাৎ মহান আল্লাহ তায়ালা উনার প্রদত্ত ইলম উনার অধিকারিণী ছিলেন উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহাস সালাম।

No comments:

Post a Comment

নূরান্বিত অপরূপ সৌন্দর্য মুবারক দেখে ইসলামে দীক্ষিত হলো ইহুদী মহিলারা সুবহানাল্লাহ!

একবার কিছু ইহুদী মহিলা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে হাযির হয়ে আরজি পেশ করলো যে, ত...