Saturday, January 16, 2016

আহলে বাইত উনাদের প্রতি মুহব্বতের অনন্য দৃষ্টান্ত" গোলামের ছেলে গোলাম" হযরত ওমর ফারুক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

বর্ণিত রয়েছে, হযরত উমর ফারূক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার প্রস্তাবিত বিষয়ে প্রায় ২২ খানা আয়াত শরীফ নাযিল হয়েছে। সেই হযরত উমর ফারূক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার ছাওয়ানেহ উমরীতে বর্ণিত রয়েছে, যখন আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় নেন তখন হযরত হাসান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বয়স মুবারক ছিল সাড়ে সাত বছর আর হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনার বয়স মুবারক ছিল সাড়ে ছয় বছর। দু’জনের মধ্যে হযরত ইমাম হুসাইন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ছিলেন জালালী তবিয়ত। আর হযরত ইমাম হাসান রদ্বিয়াল্লাহু তায়ারা আনহু ছিলেন জামালী তবিয়ত।
হযরত আব্দুল্লাহ বিন উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু যিনি ছিলেন বিশিষ্ট ছাহাবী। কিতাবে বর্ণিত রয়েছে, যাঁরা সুন্নতের ইত্তিবা করতেন, সুন্নতের ইত্তিবার মধ্যে যাঁরা মশহুর রয়েছেন, বেমেছাল রয়েছেন তাঁদের মধ্যে একজন হচ্ছেন হযরত আব্দুল্লাহ বিন উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। যার জন্য হযরত উমর বিন খত্তাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার শাহাদত বরণ করার সময় অনেক ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম প্রস্তাব দিয়েছিলেন, হে খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন! আপনি আপনার পরবর্তী খলীফা হযরত ইবনে উমর রদ্বিয়াল্লাহু তয়ালা আনহুকে মনোনীত করুন, তাঁর যে যোগ্যতা রয়েছে, আমল-আখলাক্ব রয়েছে তা বেমেছাল।


কিন্তু হযরত উমর ফারূক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু যেহেতু ইলহাম-ইলক্বার দ্বারা নিয়ন্ত্রিত। আর আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগেই ফায়ছালা করেছেন, সে ফায়ছালা অনুযায়ী তিনি রায় দিয়েছেন হযরত উছমান যুন নুরাইন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু সম্পর্কে। সেই হযরত উমর বিন খত্তাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার ছেলে হযরত আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনার সাথে চলাচল করতেন, উঠাবসা করতেন। কোন এক প্রসঙ্গে কোন এক কারণে হযরত ইমাম হুসাইন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হযরত আব্দুল্লাহ বিন উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুকে বলেছিলেন ‘গোলামের ছেলে গোলাম’। এটা শুনে হযরত আব্দুল্লাহ বিন উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু কিছুটা অপ্রস্তুত হলেন। তিনি বিষয়টা খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন যিনি উনার পিতা উনার কাছে জানালেন যে, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম আমাকে ‘গোলামের ছেলে গোলাম’ বলেছেন। এখন এটার একটা ফায়ছালা করার প্রয়োজন রয়েছে। হযরত উমর বিন খত্তাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বললেন, বেশ, ভালো কথা। তিনি বলেছেন, তুমি ফায়ছালা চাচ্ছ, তাহলে মুখের কথায় তো হবেনা। এটা লিখিত আনতে হবে। কাগজে-কলমে থাকতে হবে।

হযরত আব্দুল্লাহ বিন উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি হযরত ইমাম হুসাইন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নিকট গিয়ে বললেন, হে হযরত ইমাম হুসাইন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! আপনি যে আমাকে বলেছেন, ‘গোলামের ছেলে গোলাম’ এটা লিখিত দিতে হবে। আমি খলীফার কাছে ব্যাপারটা পেশ করেছি। তিনি বললেন ঠিক আছে, অসুবিধা নেই, আমি তো বলেছি, আমি লিখিত দিব, তিনি সত্যিই একটা কাগজে লিখে দিলেন, ‘গোলামের ছেলে গোলাম’। সেটা নিয়ে পেশ করা হলো, খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন, হযরত উমর বিন খত্তাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার কাছে। তিনি বললেন, ঠিক আছে, এটার যখন ফায়ছালা চাওয়া হয়েছে, আমি এটার ফায়ছালা করবো, তবে কবে করা হবে, কোথায় করা হবে, নির্দিষ্ট দিন, তারিখ, সময় ঘোষণা করা হলো। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ সকলেই চিন্তিত হলেন ব্যাপারটি নিয়ে। চিন্তিত হলেন যে, হযরত উমর বিন খত্তাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু জালালী তবিয়তের, তিনি ইনছাফগার হিসেবে মশহুর, আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছাহাবী, নবীদের পরে তিনি দ্বিতীয় ব্যক্তিত্ব।

একদিকে হযরত ইমাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু সালাম, আরেকদিকে হযরত উমর বিন খত্তাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। সকলেই চিন্তিত হলেন, বিষয়টি কি ফায়ছালা করা হবে? হযরত উমর বিন খত্তাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ইনছাফ করে থাকেন, সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচার করে থাকেন। তিনি কি বিচার করবেন? নিদিষ্ট স্থান, সময়, তারিখ সব ঘোষণা করা হলো, হাজার হাজার, লক্ষ লক্ষ লোক সেখানে জমা হয়ে গেলেন, হযরত ছাহাবায়ে কিরাম, হযরত তাবিয়ীনে কিরাম যাঁরা ছিলেন সকলেই সেখানে জমা হয়ে গেলেন যে, কি ফায়ছালা করা হয় সেটা জানতে হবে। এর কি ফয়ছালা রয়েছে?

এদিকে হযরত ইমাম হুসাইন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উপস্থিত হলেন। তিনি যখন উপস্থিত হলেন, হযরত উমর ফারূক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তাঁকে তা’যীম-তাকরীম করে একটা সম্মানিত স্থানে বসালেন। আর হযরত আব্দুল্লাহ বিন উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু যখন আসলেন উনাকেও বসতে বললেন। লোকজন সকলেই উপস্থিত। বিচারের নিদিষ্ট সময় যখন উপস্থিত হলো, তিনি তাঁর পকেট থেকে কাগজটা বের করে বললেন, দেখুন একটা কাগজ আমার কাছে পৌঁছানো হয়েছে, এ কাগজের মধ্যে লিখিত রয়েছে ‘গোলামের ছেলে গোলাম’, কাগজটা দিয়েছেন আমার ছেলে হযরত আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। তাঁর বক্তব্য হচ্ছে যে, হযরত ইমাম হুসাইন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি তাঁকে বলেছেন ‘গোলামের ছেলে গোলাম‘।

এ বিষয়ে ফায়ছালার জন্য এ কাগজটা আমার নিকট পেশ করা হয়েছে। তখন হযরত উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে, এটা কি আপনি লিখেছেন?

তিনি বললেন যে, হ্যাঁ। এটা আমার লিখিত, আমি বলেছি এবং লিখেছি। যখন জিজ্ঞাসা করা হলো, জবাব নেয়া হলো, বিষয়টা, সবাইকে জানানো হলো যে, হযরত ইমাম হুসাইন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেছেন এবং লিখেছেন। এটা লোকজন শুনলেন। তখন হযরত উমর বিন খত্তাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বললেন যে, এটা এখন ফায়ছালা করা হবে। কি ফায়ছালা করা হবে? সকলেই তো স্তব্ধ হয়ে গেলেন, মনে হয়েছে যেন বাতাস চলাচল বন্ধ হয়ে গেছে, সকলেই একদৃষ্টিতে খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন হযরত উমর বিন খত্তাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার দিকে চেয়ে রয়েছেন। যে, এটা তিনি কি ফায়ছালা করেন, এটার কি ফায়ছালা রয়েছে?

হযরত উমর বিন খত্তাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ঘোষণা করলেন যে, এর ফায়ছালা হচ্ছে- এই যে কাগজটা, এতে লিখিত রয়েছে, ‘গোলামের ছেলে গোলাম।’ অর্থাৎ আহলে বাইতের যিনি হযরত ইমাম হুসাইন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি আমার ছেলেকে বলেছেন, ‘গোলামের ছেলে গোলাম’। এর অর্থ হচ্ছে খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন তিনি হচ্ছেন গোলাম। আর উনার ছেলে হচ্ছেন ‘গোলামের ছেলে গোলাম’। এর ফায়ছালা হচ্ছে, আপনারা সকলেই সাক্ষী থাকুন, আমি আমার যিন্দেগীর অনেক সময় ব্যয় করেছি, অতিবাহিত করেছি, পূর্ববর্তী যিন্দেগী ত্যাগ করেছি, কুফরী যিন্দেগী বাদ দিয়েছি, আমার অতীতের স্থাবর-অস্থাবর সম্পত্তি যা ছিল সেটা আমি ত্যাগ করেছি, একাধিক স্ত্রী ছিল তাদেরকেও ত্যাগ করেছি আল্লাহ পাক ও উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সন্তুষ্টির জন্য। ত্যাগ করে আল্লাহ পাক উনার হাবীব-এর উম্মত হয়েছি, আমি ঈমান এনেছি, মুসলমান হয়েছি। আমার চাওয়া এবং পাওয়ার বিষয় এটাই ছিল যে, আল্লাহ পাক উনার সন্তুষ্টি এবং আল্লাহ পাক উনার হাবীব-এর সন্তুষ্টি। আল্লাহ পাক যতটুকু দিয়েছেন ততটুকু পাওয়া হয়েছে। তবে আমার একটা লিখিত দলীল প্রয়োজন ছিল, যে লিখিত দলীলের আমি প্রত্যাশা করেছিলাম, আজকে হযরত ইমাম হুসাইন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এটা লিখিত দিয়েছেন। এখন থেকে আমি নিশ্চিত হয়ে গেলাম আমি উনাদের গোলাম।

আমি ইন্তিকাল করলে এই কাগজখানা আমার কাফনের ভিতরে, আমার সিনার মধ্যে রেখে দিতে হবে। এটা আমার ওছীয়ত। আমি ক্বিয়ামতের দিন আল্লাহ পাক এবং আল্লাহ পাক উনার হাবীব-এর কাছে আরজু করবো, দাবী করবো যে, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনার যিনি লখতে যিগার, যিনি হযরত ইমাম হুসাইন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি আমাকে লিখিত দিয়েছেন যে, ‘আমি গোলাম’। কাজেই, আমার আমল যা কিছু রয়েছে কমপক্ষে এই দলীলের খাতিরে আমাকে গোলাম হিসেবে কবুল করা হোক। সুবহানাল্লাহ।

তিনি যখন এটা ফায়ছালা করলেন, সমস্ত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম এবং তাবিয়ীনে কিরাম যারা উপস্থিত ছিলেন তাঁরা লা জাওয়াব হয়ে গেলেন। যারা ছাহাবায়ে কিরাম তাঁরা আহলে বাইতকে কতটুক মুহব্বত করেছেন, তা’যীম-তাকরীম করেছেন তা বলার অপেক্ষা রাখেনা।

কুরআন ও সুন্নাহ্র উপরোক্ত বর্ণনা থেকে আহলে বাইত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ যে সীমাহীন ফযীলত, মর্যাদা-মর্তবা, বুযূর্গী ও সম্মানের অধিকারী তা সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। সাথে সাথে এটাও ফুটে উঠেছে যে, আল্লাহ পাক ও উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি-এর সন্তুষ্টি ও রেযামন্দি হাছিল করতে হলে প্রত্যেক উম্মতের জন্য দায়িত্ব হচ্ছে আহলে বাইতগণের প্রতি হুসনে জন তথা সুধারণা পোষণ করা, উনাদেরকে মুহব্বত করা এবং উনাদেরকে তা’যীম-তাকরীম বা সম্মান-ইজ্জত করা ।

No comments:

Post a Comment

নূরান্বিত অপরূপ সৌন্দর্য মুবারক দেখে ইসলামে দীক্ষিত হলো ইহুদী মহিলারা সুবহানাল্লাহ!

একবার কিছু ইহুদী মহিলা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে হাযির হয়ে আরজি পেশ করলো যে, ত...